নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ

গতকাল সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে এপিসি, জলকামান, প্রিজন ভ্যান রাখা হয়েছে। কার্যালয়ে নেতাদের ঢুকতে দেয়া হলেও কর্মীদের বাধা দেয়া হচ্ছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল,মহিলা দলসহ কয়েকটি অঙ্গ সংগঠন সেখানে কেক কাটার কর্মসূচি নিয়েছিল। যদিও বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয় । এই পরিস্থিতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাত্ক্ষণিক ব্রিফিংয়ে বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ও সাদা পোশাকধারী বাহিনী কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আসতে বাধা দিচ্ছে। আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে । বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেক কাটা অনুষ্ঠান গুলশানে সম্পন্ন হয়েছে।তাহলে পুলিশ কেন কাউকে কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না। এ বিষয়ে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, ১৫ আগস্টে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়নি। কারো যাতায়াতেও বাধা দেয়া হচ্ছে না।