ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিমি যানজট
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২২:৩৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। বৃহস্পতিবার গভীর রাত থেকে সৃষ্টি হয়ে শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কটিতে যানজট লেগে ছিল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রাতে ভারি বর্ষণের ফলে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়। ফলে চলাচলরত যানবাহনগুলো ধীর গতিতে চলতে থাকে। এছাড়া খানাখন্দে পড়ে একাধিক যানবাহন বিকল হয়ে পড়লে যানজট আরো তীব্রতর হয়।
শুক্রবার বিকালে সরেজমিনে মহাসড়কের মিরসরাই সদর, ঠাকুরদীঘি, মিঠাছড়া ও বারইয়ারহাট গিয়ে দেখা যায়, শত শত যানবাহন আটকা পড়ে আছে। গাড়ির চাকা চলছেই না। একাধিক স্থানে বিভিন্ন কাভার্ডভ্যান, লরী বিকল হয়ে পড়ে আছে। পুলিশের তত্পরতা লক্ষ্য করা গেলেও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কাছে তারা ছিলেন অসহায়।
বাসযাত্রী সবুজ কুমার সেন জানান, তিনি উত্তরা সার্ভিসের একটি বাসে করে ভোর ৫টায় চট্টগ্রাম থেকে বারইয়ারহাটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দুপুর ১২টায় বারইয়ারহাট এসে পৌঁছান। অথচ চট্টগ্রাম থেকে বারইয়ারহাট আসতে সময় লাগে মাত্র ২ ঘন্টা। চয়েস সার্ভিসের চালক নজরুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় মিরসরাইয়ের উদ্দেশে রওনা হয়ে রাত ৩টায় এসে পৌঁছান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান চৌধুরী জানান, অতিরিক্ত বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।