পাকিস্তানে ইমরান খানের গাড়ি বহরে হামলা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪০
পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের গাড়ি বহরে হামলা হয়েছে। এসময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। দেশটিতে বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতা নেওয়ার পর এই প্রথম সরকারবিরোধী আন্দোলন চলছে। এদিকে পাকিস্তানে রাজনৈতিক সহিংসতার ঘটনায় মার্কিন, ব্রিটিশ ও কয়েকটি ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
গত বছরের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ করছে পিটিআই ও এবং ধর্মীয় নেতা তাহিরুল কাদরীর দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। গুজরানওয়ালা শহরে পৌঁছানোর পর একদল লোক ইমরানের গাড়ি বহর লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পিটিআই সমর্থকরা এ ঘটনার জন্য সরকার সমর্থককে দায়ী করে। পরে ইমরান সমর্থক ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ইমরান খানের মুখপাত্র অনিলা খান জানিয়েছেন, এসময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। ঘটনার সত্যতা স্বীকার করে আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রাশিদ জানিয়েছেন, তাদের ওপর চারবার হামলা হয়েছে। আর পুলিশ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তিনি অভিযোগ করেন, এটা ঘটেছে শরীফের নির্দেশে।
ইমরান খান বলেছেন, পুলিশের গাড়ির ওপর থেকে সরকার সমর্থকরা তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। ইমরান খান লাহোরের জামান পার্ক থেকে ‘আজাদী মার্চ’ নামে এই লংমার্চ শুরু করেন গত বৃহস্পতিবার। আর কাদরি একই দিনে একই শহর থেকে ‘ইনকিলাম মার্চ’ নামে লংমার্চ শুরু করেন।