টানা বর্ষণে তলিয়ে গেছে ডিএনডি বাঁধের নিম্নাঞ্চল
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২২:৪২
গত দুই দিনের টানা বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তা-ঘাট হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এখানকার বাসিন্দাদের প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এসব এলাকার অনেক বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। কয়েকদিনের বৃষ্টিপাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, টেংরা, জালকুড়ি, মাঝপাড়া, সাহেবপাড়া, বাঘমারা, মাতুয়াইলের তুষার ধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাদ্দাম মার্কেট, হাজীনগর, শহীদ নগর, সবুজবাগ, ফতুল্লার ভূঁইঘর, দেলপাড়া, ডগাইর, নয়াপাড়াসহ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট, সবজি খেত স্থান ভেদে ১ থেকে ২ ফুট পানিতে ডুবে আছে। জালকুড়ির বাসিন্দা শাহিন জানান, জলাবদ্ধতায় সবজি ক্ষেত হাঁটু পানিতে ডুবে আছে। স্কুল, কলেজে ও কর্মস্থলে যাতায়াতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। কদমতলীর গার্মেন্টস কর্মী আসমা জানান, হাঁটু পানি দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এদিকে পানি নিষ্কাশন খালে আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না। সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনডি সেচ পাম্পের উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন নিষ্কাশন খালে পলিথিনসহ বিভিন্ন আবর্জনায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে স্থায়ী জলাবদ্ধতার আশংকা নেই। নিয়মিত পাম্প চালিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।