ডিএসই’র জিএমকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার আসাদউল্লাহকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়া শেষ করায় তিনটি কোম্পানিকে মূল মার্কেটে লেনদেনের জন্য তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ। জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে শেয়ার ব্যবসা করার অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করেছে ডিএসই। গঠিত কমিটির সদস্যরা হলেন- মহাব্যবস্থাপক জীবন চন্দ্র ও সামিউল ইসলাম। গঠিত কমিটিকে শিগগিরই এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১২ আগস্ট বিএসইসির ৫২৪তম নিয়মিত কমিশন সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে শেয়ার ব্যবসা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিএসইর জিএম খন্দকার আসাদউল্লাহকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি। জানা গেছে, সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত আইপিওর আবেদন গ্রহণ করে এ কোম্পানিকে তালিকাভুক্তির জন্য অনুমোদন দিয়েছে ডিএসই। গত ১৯ জুন তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের লটারির ড্র অনুষ্ঠিত হয়। ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ কোম্পানিরও তালিকাভুক্তি অনুমোদন করেছে ডিএসই। এছাড়া ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়েছে।