সংবাদ কণিকা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২০:৪৪
ভারতে প্রথম ফাঁসিতে ঝুলছেন নারী!
ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন নারী। কোলহাপুরের দুই বোনকে ২০০১ সালে ১৩ শিশু অপহরণ ও ৯ শিশুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। গত মাসে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় দুই বোন রেনুকা কিরণ সিন্ধে ও সিমা মোহান গাভিতের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।
এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা
দু’জন এইচআইভি পজিটিভ যাত্রী ও তাদের এক বন্ধু তাদের বিমানে উঠতে দিতে অস্বীকৃতি জানানোর জন্য চীনের একটি এয়ারলাইনের বিরুদ্ধে মামলা করছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়। এটি দেশটির ইতিহাসে এ ধরনের প্রথম মামলা। চীনের গ্লোবাল টাইমস পত্রিকা জানায়, ওই দুই ব্যক্তি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কোনিয়াং থেকে বেইজিংয়ের দক্ষিণে অবস্থিত শিজিয়াজুয়াং যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাদের স্বাস্থ্যগত তথ্য জানানোর পর স্প্রিং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের বিমানে উঠতে দেয়নি। — এএফপি
সেলিফ তুলতে গিয়ে মৃত্যু
গত সপ্তাহে মাথায় বন্দুক ঠেকিয়ে নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু হয় মেক্সিকো সিটির এক যুবকের। এবার মারা গিয়েছেন পর্তুগালের এক দম্পতি। ছেলে-মেয়েকে নিয়ে ওই দম্পতি ছুটি কাটাতে গিয়েছিলেন কাবো দ্য রোকায়। পর্তুগালের একেবারে পশ্চিম প্রান্তে, আটলান্টিকের তীরের এই অন্তরীপ পর্যটকদের কাছে জনপ্রিয়। কিন্তু খাদের ধারে সেলিফ তুলতে গিয়েই বিপত্তি। বিপদসীমা এড়িয়ে খাদের ধারে চলে গিয়েছিলেন ওই দম্পতি। টাল সামলাতে না পেরে দু’জনেই পড়ে যান আটলান্টিক মহাসাগরে। —আনন্দবাজার পত্রিকা
আল্পসে ৬ পর্বতারোহীর মৃত্যু
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল্পস পর্বতে দেশটির ৬ পর্বতারোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ জন পর্বতারোহী ও তাদের গাইড রয়েছেন। তাদের সবার বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার এই পর্বতারোহীরা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। উদ্ধারকারী দল পাঠানোর পর মন্ট ব্লান্স রেঞ্জে তাদের মৃতদেহগুলো পাওয়া যায়। — বিবিসি