জাতীয় শোক দিবস

যুক্তরাষ্ট্রে শ্রদ্ধা-ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

শোক, গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় শোক দিবসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট শুক্রবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে। দলের নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এসব কর্মসূচিতে অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মাওলানা বজলুর রহমান। আলোচনা সভা শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ অন্য নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত গাইবান্ধার সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ প্রবাসী নেতৃবৃন্দ। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস শুক্রবার জাতীয় শোক দিবস পালন করে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ এবং বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভায় স্থানীয় কমিউনিটির প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী এবং কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র সফররত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সমাজটাকে বদলাতে হবে। এজন্য চাই ‘সোনার মানুষ’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কেবল একটি নাম নয়। একটি প্রত্যয়, একটি আদর্শ, একটি দর্শন। শুরুতে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র সফররত ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, জাসদ নেত্রী ও সংসদ সদস্য শিরীন আখতার, সাবেক এমপি মনিরুল ইসলাম, ফকির ইলিয়াস, খোর্শেদ আনোয়ার বাবলু। কবিতা আবৃত্তি করেন জিএইচ আরজু। মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতির, ইকনোমিক মিনিস্টার বরুণ দেব মিত্র প্রধানমন্ত্রীর ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজ্জামান পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন। জাতীয় শোক দিবসে বাংলাদেশ সোসাইটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদারের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বঙ্গবন্ধু কেন্দ্রীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মহিউদ্দিন দেওয়ান, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, কাজী কয়েস, জাকারিয়া চৌধুরী প্রমুখ। জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বিকালে খাবার, ফল, ক্যান্ডি বিতরণ করা হয়। দলমতের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীর উদ্যোগ ছিলো সম্পূর্ণরূপে ভিন্ন। তবারক বিতরণ করেন মীর নিজামুল হক, মোহাম্মদ আলম নমি, সাকিল মিয়া, বিপ্লব সাহা, মানিক বাবু, শফি উদ্দিন মিয়া, যুগ্ম সদস্য সচিব জে মোল্লা সানি, জসি চৌধুরী, ড. মনসুর খান, কামরুজ্জামান কামরুল, হারুন ভুঁইয়া, সিরাজুল হক কামাল, মনসুর চৌধুরী, মোহাম্মদ পিয়ার, শাহাদত হোসেন প্রমুখ।