নগরকান্দায় দুই শিশুসহ পৃথক ঘটনায় চারজনের মৃত্যু
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৬
ফরিদপুরের নগরকান্দায় দুই শিশু সহোদরসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদরবেড়া গ্রামে গতকাল শনিবার সকালে পানিতে ডুবে জয় (৪) ও বিজয় (২) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বড়শি দিয়ে মাছ ধরার সময় তারা পানিতে পড়ে যায়। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত বলে জানান।
পঞ্চগড়ে শিশুর লাশ উদ্ধার
পঞ্চগড় জেলা সদরের গোফাপাড়া গ্রামের তালমা নদী থেকে গত শনিবার দুপুরে মারুফ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরীরা। পৌর এলাকার কামাতপাড়া গ্রামের নূর নবী তার স্ত্রী এবং দুই ছেলে মারুফ ও সাগরকে নিয়ে বৃহস্পতিবার পিতার বাড়ি গোফাপাড়ায় যায়। শুক্রবার জুমার নামাজের সময় সবার অগোচরে মারুফ ও তার ছোট ভাই সাগর (৫) বাড়ির পাশে তালমা নদীতে নামে। এসময় দুই ভাই পানিতে ডুবে গেলে ছোট ভাই সাগর নদী থেকে উঠতে পারলেও বড় ভাই মারুফ পানিতে ডুবে যায়।
হবিগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার
হবিগঞ্জের শহরতলীর ভাঙ্গাপুল এলাকার একটি ডোবা থেকে গতকাল শনিবার সকালে আলম চান বিবি (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১২ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। জিডি থেকে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।