বানারীপাড়া মাদ্রাসায় প্রভাষক নিয়োগে অনিয়ম
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৬
বানারীপাড়ার কচুয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক নিয়োগ বিধির পরিপন্থী হওয়ায় শিক্ষা সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি, অধ্যক্ষ ও নিয়োগপ্রাপ্ত প্রভাষককে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। রবিবার উপজেলার কচুয়া গ্রামের মোঃ মাহমুদুল হাসানের পক্ষে বরিশাল জজ আদালতের এপিপি এ্যাডভোকেট উত্তম কুমার চক্রবর্তী ওই লিগ্যাল নোটিস দেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়। জানা গেছে, ২৬ মে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. মোঃ মোসলেম উদ্দিন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ড. মোঃ রফিকুল ইসলামকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে সভাপতি ও মোঃ শামসুর রহমান সেলিমকে শিক্ষানুরাগী প্রতিনিধি মনোনয়ন দেন। এরপরও ড. মোঃ রফিকুল ইসলাম বেআইনীভাবে গত ১৪ জুন আঃ রহিমকে আরবি প্রভাষক হিসেবে নিয়োগ দেন। নোটিসদাতা মাহমুদুল হাসান গত ২৪ জুলাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আঃ রহিমকে এমপিওভুক্ত না করার জন্য আবেদন করার পরেও বিধিবহির্ভূতভাবে তাকে এমপিওভুক্ত করা হয়।