মনপুরায় ১ মেগাওয়াট প্লান্টে পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহ শুরু

ভোলার মনপুরায় ১ মেগাওয়াট বিদ্যুত্ প্লান্ট থেকে বিদ্যুত্ সরবরাহ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ১ মেগাওয়াট বিদ্যুত্ প্লান্ট থেকে গত ১২ আগস্ট প্রথমবার পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ সরবরাহ চালু হয়। কিন্তু শুরুতে বিপর্যয়ের কবলে পড়ে বিদ্যুত্ প্লান্টটি। চালু হওয়ার সাথে সাথে একাধিকবার বন্ধ হয়ে যায়। উপজেলা জুড়ে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ১৩ আগস্ট সন্ধ্যা থেকে ১ মেগাওয়াট বিদ্যুত্ প্লান্ট থেকে নিরবচ্ছিন্নভাবে রাত দেড়টা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ করা হয়। মনপুরায় আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ করেন গ্রাহকরা। তারা জানান, তিনি মনপুরার কর্মস্থলে না থেকে বরিশাল কিংবা ভোলায় বসে বিদ্যুতের রিমোট চাপেন। তার ইচ্ছার উপর নির্ভর করে কোন্ দিন মনপুরায় বিদ্যুত্ চলবে আর কোন্ দিন বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী আবদুস সালাম অভিযোগ অস্বীকার করে জানান, অফিসের কাজে বাইরে আছি। আর নতুন মেশিনে বিদ্যুত্ সরবরাহ পুরনো নিয়মে চলবে।