মুখোমুখি অবস্থানে মার্কেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন

মার্কেটের গ্যারেজ নিয়ে বিরোধ সৈয়দপুরের অত্যাধুনিক সৈয়দপুর প¬াজা মার্কেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন মুখোমুখি অবস্থান নিয়েছে। পার্কিং গ্যারেজের জায়গা বৃদ্ধি নিয়ে বিরোধ এবং আদালতে দায়ের করা মামলায় বিভক্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একপক্ষ চাঁদাবাজির মামলা এবং অপরপক্ষ প¬াজা ব্যবসায়ী সমিতির দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করে প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত ১৪ আগস্ট সৈয়দপুর প¬াজা সুপার মার্কেট সমিতির ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আরশাদ আলো। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, আল-মামুন, কুতুব উদ্দিন আলো, নূরুল হুদা প্রমুখ। সভায় দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা আখ্যায়িত করে মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। গত ৬ আগস্ট নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার বাদী হয়েছেন প¬াজা মার্কেটের পার্কিং গ্যারেজ লিজ গ্রহণকারী ব্যবসায়ী আইনুল ইসলাম মন্ডল। মামলার আর্জিতে বলা হয়, আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে।