মাগুরায় পাটের আঁশে দুই হাজার নারীর জীবিকায়ন

দীপক রায় চৌধুরী, মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় পাটের আঁশ ছাড়িয়ে ২ হাজার গ্রামীণ নারী জীবিকা নির্বাহ করছে। প্রতিদিন তারা দু’ থেকে তিনশ’ টাকা আয় করছেন। অনেকে পাট ছাড়িয়ে পাটকাটি নিয়ে সারা বছরের জ্বালানি সংগ্রহ করে রাখছেন। জেলার চারটি উপজেলায় ৩০ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। বর্তমানে পাট কাটা ও ধোয়ার কাজ চলছে। সেই সাথে গ্রামীণ মহিলাদের মৌসুমী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। গ্রামীণ নারীরা প্রাতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রামের নদী, খাল ও বিলের ধারে জাগ দেয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে থাকে। প্রতি আঁটি পাট ছাড়িয়ে দেয়া বাবদ একজন নারী ২ টাকা হিসাবে সারাদিন কাজ করে দু’ থেকে তিনশ’ টাকা মজুরি পেয়ে থাকেন। অনেকে মজুরি না নিয়ে আঁশ ছাড়িয়ে দেয়া বাবদ পাটকাটি নিয়ে থাকেন। সেই হিসাবে একজন গ্রামীণ মহিলা পাটের আঁশ ছাড়িয়ে তার সারা বছরের জ্বালানি জোগাড় করে থাকেন। বাড়তি আয় তাদের সংসার পরিচালনার খরচ চালাতে সাহায্য করছে। ভাদ্রমাস পর্যন্ত চলবে পাটের আঁশ ছাড়ানোর মৌসুম।