দুই সিটিতে কোরবানির পশুর ২০ হাট
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২১:৫৯
প্রতিবারের ন্যায় এবারও আগেভাগে রাজধানীতে কোরবানির পশুর হাটের প্রস্তুতি শুরু করেছে দুই সিটি করপোরেশন। এবার রাজধানীতে বসছে পশুর ২০টি হাট। এ লক্ষ্যে দরপত্র আহবান ও ওপেন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে কয়েকদিনের মধ্যেই। এরপর ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি শুরু করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবার রাজধানীতে বসাচ্ছে ১১টি হাট। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বসাচ্ছে ৮টি হাট। দেশের সর্ববৃহত্ হাট গাবতলীতেও থাকবে পশুর বিশেষ আয়োজন। দুই সিটি করপোরেশনের পশুর হাটের টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এসব ব্যাপারে হস্তক্ষেপ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিটি করপোরেশন বলছে, দরপত্র আহ্বানের পর যেসব জমা পড়েছে; সেখান থেকে সর্বোচ্চ দরদাতাদেরকে ইজারাদার হিসেবে বাছাই করা হয়েছে। বাইরে কিছু হয়ে থাকলে সে ব্যাপারে সিটি করপোরেশনের কিছু করার নেই।
দক্ষিণ সিটি করপোরেশন :দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটগুলোর মধ্যে ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া, গোলাপবাগ মাঠের পাশের সিটি করপোরেশনের আদর্শ স্কুল মাঠ ও আশপাশের সিটি করপোরেশনের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, কমলাপুর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা, লালবাগ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ ও সংলগ্ন বেড়ি বাঁধের খালি জায়গা ও আশপাশের খালি জায়গা।
উত্তর সিটি করপোরেশন :উত্তর সিটি করপোরেশনের পশুর হাটগুলোর মধ্যে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, বনানী কাকলি রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠের খালি জায়গা, বারিধারা জে ব্লকের বাইপাস সড়ক সংলগ্ন খালি জায়গাসহ রাস্তার পার্শ্বের খালি জায়গা এবং গাবতলী হাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্বচ্ছতার সঙ্গে পশুর হাটের টেন্ডার নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। তিনি বলেন, এবার রাজধানীতে যাতে কেউ অবৈধ হাট বসাতে না পারে সে ব্যাপারেও আমরা তত্পর থাকবো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, কোরবানির পশুর হাটের টেন্ডার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করার চেষ্টা করবো। এছাড়া অবৈধ পশুর হাট বন্ধ এবং অন্যান্য কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।