বিদেশে বিভিন্ন মিশনে জাতীয় শোক দিবস পালন

বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করেন হাইকমিশনার সোহরাব হোসেন। দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিক তুলে ধরেন তিনি। এ সময় বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী স্মরণ করা হয়েছে। শোক সভায় মহারাষ্ট্র সরকারের অতিরিক্ত মুখ্যসচিব ও রাষ্ট্রাচার প্রাণ সুমিত মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। সভায় শোক দিবসে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।