ম্যান ইউকেই হুমকি মানছেন অ্যাগুয়েরো

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গতকাল শনিবার শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর হলেও এই লক্ষ্য পূরণে ম্যানচেষ্টার ইউনাইটেডকেই বড় বাধা বলে মনে করছে। নিউ ক্যাসলের বিরুদ্ধে আজকের খেলাটির মধ্য দিয়ে সিটির লিগ মৌসুম শুরুর প্রাক্কালে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো এ মত দেন। ম্যানচেষ্টার সিটি ইতিমধ্যে দলবদলের সুবিধাকে কাজে লাগিয়ে ভালভাবেই ঘর গুছিয়েছে। আবার তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও নতুন কোচ লুই ফন গলের অধীনে জেগে উঠেছে। তারপরও অ্যাগুয়েরো মনে করেন অধিকাংশ সময়েই তার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। তবে কোন কারণে যদি অন্য কোন দল প্রথম স্থানটি ছিনিয়ে নেয়, তবে সেটা হবে ইউনাইটেড। এ প্রেক্ষিতেই তিনি শিরোপা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করছেন নগর প্রতিদ্বন্দ্বীদের যারা গত মৌসুমে কোচ ডেভিড ময়েসের অধীনে লিগে সবচাইতে বাজে মৌসুম কাটায়। ইউনাইটেড গেল বছর সপ্তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করতে বাধ্য হলেও মৌসুম শুরু করেছিল চ্যাম্পিয়ন হিসেবে। এরপর সিটি তাদের দুই মূল প্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং চেলসিকে পিছনে ফেলে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে নেয়। অ্যাগুয়েরো ভাল করেই জানেন বিশ্বকাপে নেদারল্যান্ডসকে তৃতীয় স্থান পেতে সাহায্য করা ডাচ ফন গল এবার যে ইউনাইটেডের জন্য বড় প্রেরণা হতে যাচ্ছেন। আর্জেন্টাইনটি তাই এরই মধ্যে সতীর্থদের সাবধান করে দিয়ে জানিয়েছেন ইউনাইটেড আবারো বড় হুমকি হয়ে আসতে পারে। এছাড়া চেলসি এবং আর্সেনালের মত দলতো রয়েছেই। প্রতিবছরই এই দলগুলো সেরাদের মধ্যেই থাকে এবং লিগের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। কিন্তু সব দলকে ছাড়িয়ে এবার আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সামনে চলে আসতে পারে ইউনাইটেড। কারণ এবার তারা প্রিমিয়ার লিগ এবং ইংলিশ নক আউট কাপ ছাড়া অন্য কোন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। এ কারণে ম্যান ইউ অন্য দলগুলোর তুলনায় বেশি বিশ্রাম পাচ্ছে যা তাদের বাড়তি সুবিধা দিবে। ঠিক যেমনটি গত মৌসুমে লিভারপুলের ক্ষেত্রে ঘটেছিল। অ্যাগুয়েরো আরো জানিয়েছেন বিশ্বকাপের আর্জেন্টিনার হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে তার যে সমস্যা হয়েছিল সেটা এখনো কিছুটা রয়ে গেছে। তাই সিটির হয়ে মাঠে ফেরাটাও দেরী হবে বলে ইঙ্গিত দেন তিনি। প্রিমিয়ার লিগ গতকাল থেকে শুরু হয়ে গেলেও তৃতীয় সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই হালকা অনুশীলনও শুরু করেছেন তিনি। যদিও ইংলিশ গণমাধ্যমের কোন কোনটি জানিয়েছেন নিউক্যাসলের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। উল্লেখ্য, বিশ্বকাপের সময় থেকেই তারকা এই স্ট্রাইকার কুঁচকির ইনজুরিতে ভুগছেন। বাসস