সেরা ফর্মে ফিরতে সময় লাগবে :ফেলপস

নিজের সেরা ফর্মে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপস। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তিনি এই মন্তব্য করেছেন। অবসরের সিদ্ধান্ত থেকে সড়ে এসে প্রায় দুই বছর পরে গত এপ্রিলে আবার পুলে নেমেছিলেন রেকর্ড ১৮টি অলিম্পিক স্বর্ণের গর্বিত মালিক ফেলপস। কিন্তু কোন পদক ছাড়াই চলতি মাসের ইউএস চ্যাম্পিয়নশিপ শেষ করে সমর্থকদের হতাশ করেছেন তিনি। তবে ২৯ বছর বয়সী এই তারকা জানান, সেরা ফর্মে ফিরতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করছেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পরে প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপই হবে ফেলপসের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুরু হওয়া চারদিনব্যাপী প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সর্বকালের সেরা এই অলিম্পিয়ান ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ১০০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জনের শক্তিশালী যুক্তরাষ্ট্র দলে আরো রয়েছেন রায়ান লোকটে, মিসি ফ্র্যাংকলিন এবং ক্যাটি লিডিসকি। ব্রিসবেনে দলের অনুশীলনের পরে সাংবাদিকদের সামনে ফেলপস বলেন, ‘সেকেন্ডের শতভাগ ব্যবধানে এবং সেকেন্ডের পাঁচশত ভাগের ব্যবধানে হারাটা কষ্টের। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া তিনটি ইভেন্টের মধ্যে দুটি ইভেন্টে (কাছে গিয়েও) শেষপর্যন্ত এমন ব্যবধানে পরাজিত হওয়াটা সত্যিই হতাশাজনক। কিন্তু আমি আগের থেকে কিছুটা ধীর গতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কারণ আমি চাই দীর্ঘদিন পরে পুলে ফিরে এসে নিজের শরীরকে এর সাথে মানিয়ে নেবার সময় দিতে। ধীরে ধীরে নিজের সেরা ফর্মে আমি ফেরার চেষ্টা করছি।’ সাফল্যের চূড়ায় থেকে বিদায় নেবার পরে একদিনেই আবার সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় জানিয়ে এক অলিম্পিকে আটটি স্বর্ণ জয় করা একমাত্র ব্যক্তিটি বলেন, ‘এসেই আমি সবকিছু আগের মতো করতে চাইতে পারি না। প্রায় দুই বছর ধরে সাঁতারের বাইরে থেকে আমি অনেক কিছু শিখেছি। নিজের উপর আস্থা বেড়েছে এবং এখনো আমি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে দেখার আশা করি। চেষ্টা করলে নিজের সেরা ফর্মে ফেরা সম্ভব। কিন্তু এজন্য কিছু সময় দিতে হবে।’ গত সপ্তাহে ঘরোয়া জাতীয় আসরে দ্বিতীয় রৌপ্য পদক জিতে ২২টি অলিম্পিক পদকের মালিক ফেলপস প্যান প্যাসিফিক টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের দলে জায়গা নিশ্চিত করেন। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ডধারী লোকটের থেকে ০.০৫ সেকেন্ড পিছিয়ে থেকে তিনি দ্বিতীয় হন। পুলে আবার ফেলপস স্বমহিমায় ফিরে আসবেন বলেই আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেছেন ফেলপসের দীর্ঘদিনের সতীর্থ লোকটে। এএফপি/ বাসস