রঞ্জন মাদুগালের মাইলফলক
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২২:১১
প্রথম ম্যাচ রেফারি হিসেবে ১৫০তম টেস্ট পরিচালনার রেকর্ড গড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চীফ রেফারি রঞ্জন মাদুগালে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে নেমে এই রেকর্ড সৃষ্টি করেন ৫৫ বছর বয়সী মাদুগালে। খেলোয়াড় হিসেবে ক্রিকেটের সাথে প্রথম জড়িয়ে পড়েন মাদুগালে। ১৯৭৯ থেকে ১৯৮৮ পর্যন্ত শ্রীলংকার হয়ে টেস্ট ও ওয়ানডে দু’ফরম্যাটে অংশ নেন তিনি। এরপর অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি মাদুগালে। ব্যাট-বল তুলে রাখার পাঁচ বছর পরই ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় মাদুগালের। ১৯৯৩ সালে করাচিতে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টটি ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করেন তিনি। ব্যস, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আর এমন কীর্তি গড়তে পেরে নিজেও খুশী মাদুগালে, ‘এমন মাইলফলক স্পর্শ করা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি খুব গর্বিত। আর প্রথম ব্যক্তি হিসেবে ক্রিকেটে এমন রেকর্ড গড়তে পেরে খুব ভালো লাগছে আমার।’