সুয়ারেজের মতো কাউকে খুঁজছেন রজার্স

লিভারপুলের কোচ ব্রেনডন রজার্স জানিয়েছেন, তিনি এখনো লুই সুয়ারেজের পরিপূরক খুঁজছেন। সুয়ারেজহীন লিভারপুল আজ রবিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে সাউদা-ম্পটনের মোকাবেলার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিযান শুরুর আগে এ কথা জানান দলটির কোচ রজার্স। সুয়ারেজ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় ইতালির জর্জিয়ো চিয়েলিনিকে কামড়ে দেয়ার শাস্তি হিসেবে নয় ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হন। এ ছাড়াও উরুগুয়ে স্ট্রাইকারটিকে চার মাস সকল প্রকার ফুটবল থেকে নির্বাসিত করা হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত চার মাসের নিষেধাজ্ঞাটি শিথিল করে দিয়ে তার নতুন ক্লাব বার্সেলোনায় অনুশীলনের অনুমতি দেন। এই অনুমতি পাওয়ার আগেই তিনি চলতি মৌসুমের দলবদল শুরু হলে সাড়ে সাত কোটি পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় চলে যান। তার অনুপস্থিতিতে লিভারপুল দলে একটা শূন্যতা দেখা দেয়। রজার্স এখন সেই শূন্যতাই কাটানোর চেষ্টা করছেন। উরুগুয়ে স্ট্রাইকারটি গত মৌসুমে ৩১ গোল করার পাশাপাশি ক্লাবকে বহু বছর পর ইংলিশ লিগে দ্বিতীয় অবস্থানে তুলে আনতে সাহায্য করেন। অল্পের জন্য তারা লিগ শিরোপা লাভে ব্যর্থ হয়। ১৯৯০ সালের পর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি ক্লাবটি। কোচ রজার্স এরই মধ্যে আটজন নতুন খেলোয়াড়কে দলভুক্ত করেছেন। এদের মধ্যে রয়েছেন সেভিয়ার ফুল ব্যাক আলবার্তো মরিনো। তবে এখনো পর্যন্ত দলে সুয়ারেজ ঘাটতি রয়েই গেছে। লিভারপুল কোচ বলেন, ‘আমরা যদি এক বা দু’জন খেলোয়াড় যুক্ত করতে পারি তাহলে দলের চেহারাই পাল্টে যাবে। আশা করছি, এই গ্রীষ্মেই আমরা আগামী কয়েক বছরের পরিকল্পনা বাস্তবায়ন করব। দলের উন্নয়নের প্রয়োজনীয়তা সব সময়েরই দাবি। রিকি ল্যাম্বার্টের বাইরে আমরা কোন স্ট্রাইকার দলে ভেড়াতে পারিনি। সে জন্য অর্থের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এ জন্য ভয়ের কিছু নেই। লুইস (সুয়ারেজ) দলে থাকুক বা না থাকুক দলের উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে। দল বদলের শেষ মুহূর্ত পর্যন্ত একটি সেরা দল গঠনের দিকেই আমরা তাকিয়ে আছি।’ তিনি আরো বলেন, ‘যদি কাউকে না পাই, তাহলে বুঝতে হবে সঠিক খেলোয়াড়টি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। বর্তমানে যে দলটি আমার রয়েছে সেটি নিয়েই সন্তুষ্ট চিত্তে আমি নতুন মৌসুম শুরু করার জন্য প্রস্তুত।’ গত মৌসুমে মাত্র দুই পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা খোয়ায় লিভারপুল। রজার্সের প্রত্যাশা বঞ্চিত হওয়া শিরোপা জয়ের জন্য তারা ফের একটি ক্ষেত্র তৈরি করার চেষ্টা চালাবেন। যাতে করে ক্লাবের ১৯টি শিরোপার সঙ্গে আরো একটি যোগের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি টানা সম্ভব হয়। এ প্রসঙ্গে রজার্স বলেন, ‘গত মৌসুমে আমরা কি করেছি সেটি এখন অতীতের গহ্বরে বিলীন হয়ে গেছে। তবে সেখান থেকে এবারের মৌসুমে ভালো করার একটি অনুপ্রেরণা অর্জিত হয়েছে। এখন আমরা ক্লাবকে নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে তাকিয়ে আছি। শীর্ষস্থানীয় সবগুলো দলই এবার শিরোপা জয় করতে চায়। আমরাও নিজেদের নিয়ে একটি লক্ষ্য স্থির করেছি।’ -বাসস/এএফপি