ক্যাসিয়াসের পক্ষে রোনালদোর বাজি

ইকার ক্যাসিয়াস তার সেরা খেলা খেলে ফেলেছেন বলে মানতে নারাজ ক্যাসিয়াসের রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনকে দুটি ইউরো এবং একটি বিশ্বকাপ জেতানোর পাশাপাশি রিয়াল মাদ্রিদকে বহু শিরোপা জিততে সাহায্য করা ক্যাসিয়াস এখনো তার পজিশনে বিশ্বসেরা বলে মন্তব্য করেছেন রোনালদো। বিশ্বকাপে স্পেনের দুর্দশার পেছনে যখন ক্যাসিয়াসের ব্যর্থতাকেই বেশি দায়ী করা হচ্ছে, তখন রোনালদোর কাছ থেকে এই প্রশংসা বাণী নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে ক্যাসিয়াসের। গত দুটি মৌসুম মোটেই ভাল কাটেনি ক্যাসিয়াসের। আর তাই ক্লাব ফুটবলে দিয়েগো লোপেজের কাছে তাকে রিয়াল মাদ্রিদের মূল একাদশের জায়গাটিও হারাতে হয়েছে। ক্লাব ফুটবল ছাড়াও গোলবারের নিচে নিজেকে মোটেই প্রমাণ করতে পারেননি বিশ্বচ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়ে ব্রাজিল অভিযানে যাওয়া স্পেন দলের অধিনায়কটি। গোলপোস্টের নিচে তার ব্যর্থতায় পুরো দলকেই পড়তে হয়েছিল চরম লজ্জাজনক পরিস্থিতিতে। নেদারল্যান্ডস এবং চিলির কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। তবে এই হতাশা কাটিয়ে ফেরার দারুণ সুযোগ এখন ক্যাসিয়াসের সামনে। তার সামনে সুযোগ রিয়ালের মূল একাদশে জায়গা করে নেবার। আসন্ন মৌসুমে লোপেজকে এসি মিলানের কাছে বিক্রি করার পরেই ক্যাসিয়াসকে নিয়ে আবার নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন সমর্থকরা। যদিও কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু রোনালদো মনে করেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের হাতেই রিয়াল নিরাপদে থাকতে পারবে। ক্যাসিয়াসের রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ এবং একটি বিশ্বকাপ জয়ের দারুণ এক অভিজ্ঞতা। রিয়ালের পর্তুগীজ সুপারস্টারটি বলেছেন, বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের স্বীকৃতি ক্যাসিয়াসের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সে সবসময়ই বিশ্বমানের খেলোয়াড়ই থাকবেন। মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে ইউয়েফা সুপার কাপ জয়ের মাধ্যমে মাদ্রিদ এবারের মৌসুম শুরু করেছে। ম্যাচটিতে ২-০ গোলে জয়ী মাদ্রিদের পক্ষে দুটি গোলই করেছেন রোনালদো। পর্তুগীজ এই ফরোয়ার্ড বিশ্বাস করেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের জন্য নিজেদের আধিপত্য ধরে রাখার মিশন শুরু হলো এই শিরোপা জয়ের মাধ্যমে। ফিফা ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড় বলেছেন, ‘আমাদের বর্তমান নিয়ে চিন্তা করতে হবে, ভবিষ্যত্ নয়। এই মুহূর্তে সামনে যা আছে সেটা নিয়েই ভাবতে হবে। আমরা ইউরোপীয়ান কাপ জয় করেছি, এটা দিয়ে শুরু হলো। এখন আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মৌসুমের শুরুটা জয়ের মাধ্যমে করায় আমরা বেশ সন্তুষ্ট।’ বাসস