পেশাদার লিগ আবার দুই পর্বে
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২২:১৩
সামনের মৌসুমে পেশাদার ফুটবল লিগ পুরনো নিয়মে দুই পর্বে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সমাপ্ত মৌসুমেই কেবল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নামে পরিচিত পেশাদার লিগটি তিন পর্বে অনুষ্ঠিত হয়েছিল। এতে খেলোয়াড়রা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় লিগ কমিটির বৈঠকে আবার দুই পর্বে লিগ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
কারণ হিসেবে এদিন বাফুফের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, ক্লাবগুলোর অনুরোধের ভিত্তিতে প্রিমিয়ার লিগ দুই পর্বে নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, ‘বছরে আমাদের পাঁচটি টুর্নামেন্ট (ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ, ইন্ডিপেনডেন্ট কাপ, চ্যাম্পিয়নশিপ লিগ ও সুপার কাপ) আয়োজন হয়। পাঁচটি টুর্নামেন্ট যাতে সুন্দর ভাবে সম্পন্ন করা যায় সেই চিন্তা থেকেই আমরা প্রিমিয়ার লিগকে দুই ধাপে করার চিন্তা করছি। আগে তিন ধাপে প্রিমিয়ার লিগ হওয়ায় দেখে গেছে অন্য টুর্নামেন্টগুলো নির্ধারিত সময়ে মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাছাড়া তিন ধাপে লিগ হলে ক্লাবগুলোর খরচ বেড়ে যায়। তাই তারা লিগ দুই ধাপে নিয়ে আনার জন্য আমাদের কাছে দাবি জানিয়েছে।’ লিগ টেবিল অনুমোদন প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘আজকের মিটিংয়ে পেশাদার লিগের টেবিল অফিসিয়াল ভাবে অনুমোদন দেয়া হয়েছে। লিগ টেবিল অনুমোদিত হওয়ায় সুপার কাপে ছয়টি দল অংশ নিতে পারবে।’