মুক্তিযুদ্ধের অর্জন ও চেতনা নস্যাতে উঠে পড়ে লেগেছে একটি চক্র

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীতে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন ও চেতনাকে নস্যাত্ করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতেই ১৫ আগস্ট সৃষ্টি করেছিল। জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়ীদ, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লা। আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক মো: রুহুল আমিন এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব:) আব্দুল লতিফ মল্লিক, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙ্গাল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যাদের দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয়েছিল তাদের বিচার হয়েছে। কিন্তু এর নেপথ্যের কারিগরদের এখনো বিচার হয়নি। তাদের বিচার করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অর্জন ও চেতনাকে নস্যাত্ করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতে ১৫ আগস্ট সৃষ্টি করেছিল। তিনি বলেন, আজকে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠি দেশে সামপ্রদায়িকতা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু বঙ্গবন্ধু সারাজীবন অসামপ্রদায়িক রাজনীতির জন্য লড়াই করেছেন। তিনি এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই তার আত্মা শান্তি পাবে। শেখ শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী। তার আদর্শ আমাদের আত্মস্থ করতে হবে। অধ্যাপক আবু সাইয়ীদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হূদয়ের মানুষ। দুখী মানুষের মুখে হাসি ফোটানোই তার আদর্শ ছিল।