কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কেরানীগঞ্জের মাওয়া সড়কের কদমপুরে গতকাল শনিবার মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। নিহতরা হচ্ছে শিশু তোয়াসিন, তানিয়া আক্তার, আসমা আক্তার ও মো. কাউসার আহমেদ। পুলিশ জানিয়েছেন, বিকালে যাত্রীবাহী ইলিশ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রিনা আক্তার, রিমা আক্তার, তাসলিমা বেগম, এলমা, সাদিয়া আক্তারকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইলিশ পরিবহনের বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার কুসুমপুর এলাকা থেকে আব্দুর রহিম নামের এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে কেরানীগঞ্জের কালিগঞ্জে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। মাওয়াগামী ইলিশ পরিবহনের গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে শিশুসহ তিন জন এবং হাসপাতালে নেয়ার পর একজন নিহত হয়। দুর্ঘটনার পর মাওয়া সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।