দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে বলবো, অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। যার মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। সর্বশেষ তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে সমপ্রচার নীতিমালা করেছে। উদ্দেশ্য একটাই দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার দেড় হাজার পুলিশ দিয়ে নয়া পল্টনের দলীয় কার্যালয় সরকার ঘিরে রেখেছিলো। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠান হবে জেনে পুলিশ এই কাজ করেছে। ঘরের ভেতরে অনুষ্ঠান হবে এতেই তাদের এতো ভয়। আনোয়ার জাহিদের জীবন-ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, ৫০/৬০ এর দশকে যেসব নেতারা দেশে প্রগতিশীল আন্দোলন করেছেন, তাদের মধ্যে আনোয়ার জাহিদ ছিলেন পথিকৃত্। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বতন্ত্র পরিচিতির বিষয়ে তিনি কখনোই আপস করেননি। সংগঠনের চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, গণতান্ত্রিক কর্মী শিবিরের চেয়ারম্যান কমরেড নুরুল হক মেহেদী, ন্যাপ সভাপতি জেবেল রহমান গনি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা এ টি এম হেমায়েত উদ্দিন, এনপিপি সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।