রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২২:৫১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলে গভীর রাতে ছাত্রলীগের দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা হলের একাধিক কক্ষে ভাংচুর চালায়। সংঘর্ষে দুই গ্রুপের নেতা-কর্মীদের অগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে দেখা যায়।
আবাসিক শিক্ষার্থীরা জানায়, রাত ১টার দিকে লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শামীমের নেতৃত্বে নারায়ণ, মনির, নাঈম, নিশানসহ ৮/১০ জন ছাত্রলীগ কর্মী পিস্তল, দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে ২১০ নম্বর কক্ষে অপর সভাপতি প্রার্থী মিজানুল হক মিজানের ওপর হামলা করে। এসময় হলের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন তাদের বাধা দিতে গেলে শামীম গ্রুপের কর্মী নারায়ণের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ করে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে শামীম গ্রুপের নেতা-কর্মীরা পালিয়ে যায়। মিজান গ্রুপের নেতা-কর্মীরা হলের মূল গেটে তালা দিয়ে অস্ত্রের মহড়া দিতে থাকে। তারা তৃতীয় তলার কয়েকটি কক্ষে ভাংচুর চালায়। এসময় হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এসে বিষয়টি মীমাংসা করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদার বলেন, রাতেই হলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।