হ লি উ ড ..............................................................
আবেগী লেডি গাগা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২০:০৯
লেডি গাগা ‘ফোর্বস’ ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী তারকার নামের তালিকায় ঠাঁই পেয়েছে মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী লেডি গাগার নাম। আজ প্রতিষ্ঠিত তারকা ও অঢেল ধন-সম্পদের মালিক হলেও, অতীতে বেশ কষ্টেই কেটেছে আলোচিত এ তারকার জীবন। অনেক সংগ্রাম করে আজকের পর্যায়ে পৌঁছতে পেরেছেন ‘দ্য ফেম’ তারকা লেডি গাগা। সম্প্রতি একটি মঞ্চ পরিবেশনার সময় অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠে গাগার চোখ। কান্না-ভেজা কণ্ঠে তিনি জানান, ১০ বছর আগেও নৈশ ক্লাবের নৃত্যশিল্পী হিসেবে নেচেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মঞ্চ পরিবেশনায় অংশ নেন ২৮ বছর বয়সী গাগা। একপর্যায়ে আবেগপূর্ণ এক বক্তব্যে অতীতের স্মৃতিচারণা করেন তিনি। শুরু থেকে বরাবরই পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদও জানান তিনি।
লেডি গাগা ভক্তদের উদ্দেশ্য করে তার বক্তব্যে বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি। বরাবরই আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি যেমন, ঠিক তেমন থাকতে অনেক সাহায্য করেছেন আপনারা। আমার কাছে এর মূল্য যে কত বেশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’ গাগা আরও বলেন, ‘১৮ বছর বয়সে নৈশ ক্লাবের নৃত্যশিল্পী হিসেবে নেচেছি আমি। স্বপ্ন পূরণ করতে নিউইয়র্ক থেকে আসা ছোট্ট মেয়েটির ওপর আপনারা আস্থা রেখেছিলেন। আপনাদের বিশ্বাস অর্জনের বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ প্রসঙ্গত, নিউইয়র্কের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে লেডি গাগার জন্ম হয়েছিল ১৯৮৬ সালে। তার আসল নামটা বেশ দীর্ঘস্টেফানি জোয়ানা অ্যাঞ্জেলিনা জারমানোতা। তবে মঞ্চ নাম লেডি গাগা হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। মাত্র চার বছর বয়সে পিয়ানো বাজানো শুরু করেন গাগা। শৈশবে মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছেন তিনি। টিভি নাটকেও অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে লেডি গাগাকে।
গাগার প্রথম অডিও অ্যালবাম ‘দ্য ফেম’ প্রকাশিত হয় ২০০৮ সালে। পরের বছর প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘দ্য ফেম মনস্টার’। দুই বছর বিরতি দিয়ে ২০১১ সালে ‘বর্ন দিস ওয়ে’ অ্যালবাম উপহার দেন লেডি গাগা। গত বছর মুক্তি পায় তার চতুর্থ অ্যালবাম ‘আর্টপপ’।