কালিয়াকৈরে ট্রলারের ধাক্কায় ব্রিজে ফাটল

গাজীপুরের কালিয়াকৈরে রবিবার সকালে বালু ভর্তি ট্রলারের ধাক্কায় ঘাঁটাখালি নদীর ওপর স্থাপিত কালিয়াকৈর মাদ্রাসা ব্রীজের পিলারে ফাঁটলের সৃষ্টি ও ব্রিজটি এক দিকে হেলে পড়েছে। ফলে হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করছেন। যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। এলাকাবাসী জানায় , এলজিইডির অর্থায়নে ১৩ বছর পুর্বে ঘাটাখালী নদীর উপর কালিয়াকৈর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ওই ব্রিজটি স্থাপন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ হাজার মানুষ ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। তবে ব্রিজটি নিচু হওয়ায় এর নিচ দিয়ে নৌকা বা মালামাল বহনকারী ট্রলার নির্বিঘ্নে যাতায়াত করতে পারে না । ফলে দীর্ঘ দিন যাবত্ ট্রলারের ধাক্কায় ব্রিজের পিলারসহ বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়। সর্বশেষ শনিবার বিকালে ওয়ালটন নামে স্থানীয় একটি কারখানার বালুবহনকারী ট্রলার ব্রিজের পিলারে ধাক্কা দিয়ে আটকে যায়। ফলে ব্রিজটি ১ফুট সরে গিয়ে একদিকে হেলে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এঘটনায় ওয়ালটনের বালু বহনকারী ট্রলারটি জব্দ ও ট্রলারের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।