সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রামগঞ্জ পৌরসভার রাস্তা-ঘাট
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২০:৪৯
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রামগঞ্জ পৌরসভার রাস্তা সামান্য বৃষ্টিতে হাঁটু পানি হয়ে যায়। এতে জনসাধারণের চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া রাস্তায় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনায় পড়ে পথচারীরা। শহর ঘুরে দেখা যায়, রামগঞ্জ সাতারপাড়া সংযোগ সড়কে সামান্য পানিতেই হাঁটু পানি জমে যায়। এছাড়া জিয়া শপিং কমপ্লেক্সের সামনের রাস্তা, সোনাইমুড়ি সড়কের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন রাস্তা, সোনাপুর কলাবাগান মসজিদ সংলগ্ন ব্রীজের দু’পাশের রাস্তায় পানি ও কাদামিশ্রিত থাকায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। রামগঞ্জ বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, রামগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হলেও নাগরিক সেবার মান তেমন নয়। এব্যাপারে রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ জানান, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ডিএমডিএফ প্রকল্পের আওতাধীনে রামগঞ্জ পৌরসভার তালিকাভুক্ত রয়েছে। ফান্ড আসলে একযোগে কাজ শুরু হবে।