উত্সবের আমেজে জন্মাষ্টমী উদযাপিত

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল রবিবার উত্সবের আমেজে সারাদেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। রিপোর্ট ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। শোভাযাত্রাটি নারায়ণগঞ্জ ২ নং রেল গেট গোল চত্বর এলাকা থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ, ডাইলপট্টি, টানবাজার, থানা পুকুরপাড়, কালিবাজার, খানপুর, চাষাঢ়া হয়ে ২ নং রেল গেট গোল চত্বরে শেষ হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, নারায়ণগঞ্জ ইসকন নাম হট্ট মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস, নারায়ণগঞ্জ সদর ইউএনও গাউছুল আজম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মানিক চন্দ্র সরকার, নারায়ণগঞ্জ জেলার সভাপতি কানাইল লাল সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক প্রবীর সাহা প্রমুখ। সিলেট সিলেটের চার জেলাসহ বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এদিকে সিলেট বিভাগীয় মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর মাছিমপুর মণিপুরীপাড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কুমিল্লা কুমিল্লায় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘসহ ধর্মীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে শোভাযাত্রা বের করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা শঙ্খ, ঘণ্টা, কাঁসা, ঢাক, ঢোল-তবলা বাজিয়ে উত্সবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালন করে। মাদারীপুর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় এ উত্সব পালিত হয়। এ উপলক্ষে জেলা সদরে আজ রবিবার পুরান বাজার বড় মন্দিরে আলোচনা সভা, পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পটুয়াখালী হিন্দু সমাজ জন্মাষ্টমী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এ উত্সব উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের। গতকাল সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহ থেকে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হিন্দু সমাজ গৃহে ফিরে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় চণ্ডী পূজা ও শ্রীকৃষ্ণ পূজার। ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের রামকৃষ্ণ আশ্রম থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দ নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণাংশু দত্ত টিটু প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় মন্দিরে সমবেত হন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের শহীদ সাটুহলে আলোচনা সভায় মিলিত হয়। জন্মাষ্টমী উদযাপন জেলা কমিটির সভাপতি মহিত কুমার দাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, পৌর মেয়র আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, অধ্যাপক সুজিত নারায়ণ কঙ্কর, জন্মাষ্টমী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা বাবুল কুমার ঘোষ প্রমুখ। নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়া কালি মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী শ্রী প্রণব মঠ নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সহ-সভাপতি বিশ্বজিত্ সরকার মনি ও চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, মাধব কর্মকার, অম্লান সাহা, নিশিকান্ত দাস, প্রতাপ সরকার, পীযূষ সরকার, প্রণব রঞ্জন বসাক প্রমুখ শোভাযাত্রার নেতৃত্ব দেন। সুনামগঞ্জ বাংলাদেশ সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ও কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। এ উপলক্ষে পৌর শহরের নতুন পাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন আর রশিদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্যানেল মেয়র মনির উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর শামিম চৌধুরী শামু, জাপা নেতা আব্দুর রশীদ, হাজী হেলাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য এ্যাডভোকেট গৌরাঙ্গ, বিমল বণিক প্রমুখ। নেত্রকোনা জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন পৌর মেয়র প্রশান্ত রায়। শোভযাত্রাটি শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়াতে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, পৌর মেয়র প্রশান্ত রায় এবং পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি নির্মল দাস। নরসিংদী সনাতন ধর্মাবলম্বীরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ভগবান শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত বিভিন্ন রং-বেরঙের ব্যানার, ফেস্টুনসহ বাদ্যযন্ত্র নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা অংশগ্রহণ করেন নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল। এতে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক সাহা, শহর পূজা কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা, অধ্যক্ষ সূর্যকান্ত দাস, কাউন্সিলর অনিল ঘোষ, সত্যেন্দ্র মোদক প্রমুখ। এ ছাড়া মাগুরা, জয়পুরহাট, সাতক্ষীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জের ছাতক, গাজীপুরের কালিয়াকৈর, নেত্রকোনার পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা, কুড়িগ্রামের নাগেশ্বরী, টাঙ্গাইলের নাগরপুর, ময়মনসিংহের গৌরিপুর, পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, দিনাজপুরের বিরামপুর, নোয়াখালীর সেনবাগ, যশোরের কেশবপুর ও বেনাপোল, ফরিদপুরের সদরপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মাদারীপুরের কালকিনি, বরগুনার বামনা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের রায়গঞ্জ, কুমল্লাির হোমনা ও চান্দিনা, নরসিংদীর শিবপুর, ঢাকার দোহার-নবাবগঞ্জ, জামালপুরের ইসলামপুর, নীলফামারীর ডোমার, পঞ্চগড়ের আটোয়ারী, গোপালগঞ্জের কোটালিপাড়া, পটুয়াখালীর মির্জাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ভোলার মনপুরায় জন্মাষ্টমী উদযাপনের খবর পাওয়া গেছে।