শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

গতকাল রবিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরে আওয়ামী লীগ সমর্থক দু’ দল গ্রামবাসির সংঘর্ষে এক মহিলাসহ ৫ জন আহত হয়। এ নিয়ে দুদিনের সংঘর্ষে দু’ পুলিশ, ও মহিলাসহ অন্তত ১২ জন আহত হযেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পুলিশ সংঘর্ষের সাথে জড়িতের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, আবাইপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আমজাদ মোল্লা ও সাবেক চেয়ারম্যার মোক্তার হোসেন মৃধার সমর্থনে প্রতিটি গ্রামে দুটি দল রয়েছে । ইটের টাকা লেনদেন নিয়ে শনিবার আমজাদ মোল্ল্যা সমর্থক আব্দুর রশিদ ও মোক্তার মৃধার সমর্থন সায়েন বিশ্বাসের মধ্যে কথাকাটির জের ধরে সংঘর্ষ হয়। তার জের ধরে দু’ দল রবিবার সকালে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ কালে মহিলাসহ ৫ জন আহত ও ২টি বাড়িতে হামলার ঘটনা ঘটে।