বিভিন্ন স্থানে চারজন খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তি খুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় গতকাল রবিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মির্জাপুর থানার অফিসার ও দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফকরুল ইসলাম জানান, কে বা কারা ঐ যুবককে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার গলায় ধরালো অস্ত্রের আঘাত এবং গুলি করে যে হত্যা করেছে তার আলামত পাওয়া গেছে। লাশের উপরে একটি একনলা বন্দুকের লাইসেন্সের কাগজপত্র পাওয়া গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল রবিবার সকালে অজ্ঞাত পরিচয় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তায় যুবকের দুই হাত ও পা পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার এস আই আকবর হোসেন জানান, শনিবার রাতে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফুলবাড়ীয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল গ্রামে গত শনিবার রাত ১২টায় স্বর্ণা (২২) নামে এক গৃহবধূকে স্বামী শহিদুল ইসলাম হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বরুকা গ্রামের ভ্যানচালক আহমেদ আলীর মেয়ে স্বর্ণার সাথে কুশমাইল গ্রামের শহিদুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। শহিদুলের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল খালাতো বোনের সাথে। সে বিয়ে বেশিদিন টিকেনি। স্বর্ণার অনুমতি ছাড়াই ঢাকার লালবাগে তৃতীয় বিয়ে করে। শহিদুল মাঝে মধ্যে স্বর্ণাকে মারধর করতো। এ নিয়ে শুক্রবার শহিদুলের বাড়িতে সালিশী হয়। সালিশের মধ্যে শহিদুল স্বর্ণাকে হত্যার হুমকি দেয় বলে স্বর্ণার মামা আবুল হোসেন জানান। গত শনিবার সকালে শহিদুলের তৃতীয় স্ত্রী ঢাকা থেকে শহিদুলের বাড়িতে আসে। শহিদুল ও তার তৃতীয় স্ত্রী মিলে স্বর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের ধরনার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। স্বর্ণার ভাই রুবেল মিয়া জানান, স্বামীর বাড়িতে আর থাকা হবে না বলে স্বর্ণা মোবাইলে কান্নাকাটি করেন। ফুলবাড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নওগাঁয় চালককে হত্যা করে সিএনজি ছিনতাই নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকার একটি মাঠ থেকে গতকাল রবিবার সকালে জিয়াউর রহমান (৩৭) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, জিয়াউর রহমানকে শনিবার রাতে শ্বাসরোধে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।