চাঁদা না পেয়ে ১২ বাস ভাংচুরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

জাতীয় শোক দিবস উপলক্ষে দাবিকৃত চাঁদা না পেয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় ১২টি বাস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে সরকারি কবি নজরুল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহেল এর নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে কলেজের সামনের সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকরা জানান, শোক দিবসে কাঙ্গালি ভোজের নামে গত কয়েক দিন ধরে সোহেলের লোকজন সদরঘাট-টঙ্গি রুটে চলাচলকারী ভিক্টর পরিবহনের বাসে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু দাবিকৃত টাকা না পেয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোহেলের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বাহাদুর শাহ পার্কের উত্তর পাশের সড়কে ৪টি বাসের কাঁচ ভাংচুর করে। এরপর গতকাল রবিবার ১১টার সময় আবারো একই স্থানে ছাত্রলীগ কর্মীরা আজমেরী পরিবহনের ছয়টি ও ভিক্টর পরিবহনের দুটি বাসের কাঁচ ভাংচুর করে। ঐ সময় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কবি নজরুল কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখে। এ ব্যাপারে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহেল বলেন, কলেজের সামনে দিয়ে পরিবহনগুলো চললে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সে কারণেই আমরা পরিবহনগুলো এ সড়ক দিয়ে চলাচল করতে বাধা দিয়েছি। এসময় তিনি পরিবহন মালিকদের কাছ থেকে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।