পাসপোর্ট অফিস থেকে দালাল বিদায় করুন
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২১:৫৩
আবার দালাল চক্র ফিরে এসেছে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে। দালাল ছাড়া এখন খুব কম সংখ্যক পাসপোর্টই হচ্ছে। যেখানে পাসপোর্ট করতে লাগে ৩ হাজার টাকা, সেখানে দালালরা হাতিয়ে নিচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে গেলে মনে হয়, সাধারণ মানুষকে দেখার কেউই নেই। জনগণ যেন দালালদের হাতে জিম্মি। এক ভদ্রলোক দুঃখ করে সেদিন বললেন, ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়েছিলাম পাসপোর্ট করতে, দালালদের দাপটে ওখানে ঢুকতেই পারলাম না। একজন দালাল এসে বললো, যদি পাসপোর্ট করতে হয় তাহলে আমাকে দিয়ে করাবেন। শুধু একদিন এসে ছবি তুলে যাবেন। পাসপোর্ট নিতেও আসতে হবে না। বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে—এজন্য ১৪ হাজার টাকা দিতে হবে। একথা শোনা মাত্র এক তরুণ গেয়ে উঠলো— ‘পাসপোর্ট অফিসের এমনি ধারা, দালাল ছাড়া হয় না কিছু...পাসপোর্ট অফিসে দালালরা পাসপোর্ট করার স্কুল খুইলাছে...। পরিশেষে, দালালদের এড়িয়ে পাসপোর্ট করার সুযোগ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা ১২১৬