আবারো ইনিংসে হার সিরিজ খোয়ালো ভারত
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২২:০২
মহেন্দ্র সিং ধোনির ভারতকে ওভাল টেস্টেও ইনিংসের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। গতকাল রবিবার লাঞ্চের পর এক ইনিংস ও ২৪৪ রানে পরাস্ত হয় সফরকারীরা। স্বাগতিক ইংল্যান্ড এর আগে ওভাল টেস্টেও ইনিংসের ব্যবধানে জিতেছিল।
ভারতের প্রথম ইনিংসে তোলা ১৪৮ রানের জবাবে ইংল্যান্ড গতকাল জো রুটের অপরাজিত ১৪৯ রানের সুবাদে প্রথম ইনিংস শেষ করে ৪৮৬ রানে। ৩৩৮ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ধোনির দলের হার নিশ্চিত প্রায় হয়ে উঠেছিল। সেটা বোঝা যায়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৯.২ ওভারে কেবল ৯৪ রানেই যখন অল-আউট হয়ে যায় ভারত।
সফরকারী ব্যাটসম্যানরা এদিন কখনোই ইনিংসে স্থিত হতে পারেননি। পেসার জেমস অ্যান্ডারসন ও ক্রিস জর্ডানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা। দলের পক্ষে স্টুয়ার্ট বিন্নি (২৫*), বিরাট কোহলি (২০) ও চেতেশ্বর পুজারা (১১) ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জর্ডান চারটি ও অ্যান্ডারসন দুই উইকেট নেন।
ইংল্যান্ড কাল আগের দিনের সাত উইকেটে তোলা ৩৮৫ রান নিয়ে খেলা শুরু করে । বাকি তিন উইকেটের বিনিময়ে দলীয় সংগ্রহে আরো ১০১ রান যোগ করে দলটি। ব্যক্তিগত ৯৭ রান নিয়ে সকালে ব্যাট করতে নামা জো রুট আরো ৫৭ রান করে অপরাজিত ছিলেন। এ নৈপুণ্যের পথে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। দলীয় চারশো রানে ভারতের ক্রিস জর্ডান ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষক ধোনির গ্লাভসবন্দী হলে অষ্টম উইকেট হারায় ভারত।
রুট-স্টুয়ার্ট ব্রড নবম উইকেটে ঝড়ো গতিতে ৬৩ রানের জুটি করলে দ্রুত গতিতে বাড়তে থাকে ইংল্যান্ডের সংগ্রহ। দলীয় ৪৬৩ রানে এই জুটিতে ফাটল ধরান ইশান্ত। স্লিপ অঞ্চলে ব্রডকে কোহলির ক্যাচে পরিণত করেন তিনি। সাজঘরে ফিরে যাওয়ার আগে ২১ বল খেলে পাঁচ চার ও এক ছক্কাসহ ৩৭ রানের ইনিংস খেলেন ব্রড! জেমস অ্যান্ডারসনের সঙ্গে দশম উইকেট জুটিতে রীতিমত মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন রুট। ১৫ বল খেলে ২৩ রান করে এ জুটি। এর মধ্যে ২১ রানই আসে জুটের ব্যাট থেকে! অ্যান্ডারসনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে ইংল্যান্ডের ইনিংসের দাড়ি টানেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রুট। ১৬৫ বলে গড়া তার অনবদ্য ইনিংসটিতে ১৮টি চার ও একটি ছক্কার মার রয়েছে। ভারতের বোলারদের মধ্যে পেসার ইশান্ত শর্মা ৯৬ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন। ৭২ রানের খরচায় তিনটি উইকেট নেন স্পিনার অশ্বিন। দুটি উইকেট নিয়েছেন ভ্যারন অ্যারন।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস ১৪৮ (ধোনী ৮২, মুরালি বিজয় ১৮, রবিচন্দ্রন অশ্বিন ১৩; জর্ডান ৩/৩২, ওয়াকস ৩/৩০, অ্যান্ডারসন ২/৫১, স্টুয়ার্ড ব্রড ২/২৭)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৮৬ (জো রুট ১৪৯*, কুক ৭৯, ব্যালেন্স ৬৪, বাটলার ৪৫; ইশান্ত শর্মা ৪/৯৬, অশ্বিন ৩/৭২)।
ভারত ২য় ইনিংস : ৯৪ (স্টুয়ার্ট বিন্নি ২৫, বিরাট কোহলি ২০, চেতেশ্বর পুজারা ১১; জর্ডান ৪/১৮, আন্ডারসন ২/১৬।