পদত্যাগের কথা ভেবেছিলেন কুক —ডানটন

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হোয়াইটওয়াশ হয়ে হতাশায় মুষড়ে পড়া অ্যালিস্টার কুক ভারতের বিপক্ষে চলমান সিরিজে দুটি বড় জয় পেয়ে ইংল্যান্ড দলকে আবারো টেনে তুলেছেন। কিন্তু নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে পরাজিত সিরিজেই ইংল্যান্ড অধিনায়ক পদত্যাগ করার চিন্তা-ভাবনা করেছিলেন বলে জানা গেছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর পল ডানটন নিজেই জানিয়েছেন এই তথ্য। ডানটন জানান, গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজে তার কৌশল বুমেরাং হওয়া এবং বাজেভাবে দ্বিতীয় ম্যাচ পরাজিত হওয়ার পরই পদত্যাগ করার চিন্তা করছিলেন কুক। হেডিংলি টেস্টের চতুর্থ দিন কুকের কৌশল কাজে না লাগায় শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস টেলএন্ডারদের সাথে নিয়ে বড় পার্টনারশীপ গড়েন। এরপর ব্যাটিংয়ে নেমে অল্প রানেই ফিরে যান কুক। এই দুই হতাশার যোগফল হিসাবেই কুক এমন চিন্তা-ভাবনা করতে শুরু করেছিলেন জানিয়ে ইসিবি ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘সে রাতে তার মন খুবই খারাপ ছিল এবং হোটেল রুমে সে একাকি অনেক চিন্তা-ভাবনা করছিল। ‘সত্যিই কি আমার এটা করা উচিত?’ বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে এমন কথা জানান ডানটন। ‘তবে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে বললেন ,‘আমি আছি।’ ইসিবি কর্তা আরো জানান, ‘আমি তার কাছে যা শুনতে চেয়েছিলাম, যে সে তার দায়িত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ।’ লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে পরাজিত হওয়ার পর অনেক পন্ডিতই কুকের পদত্যাগ চেয়েছিলেন। আবার কেউ কেউ তাকে কিছু দিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক সব মুখ বুজে সহ্য করেছেন। এখন রানে ফিরেছেন এবং ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। বাসস