ন্যানজিং যুব অলিম্পিক হকি দলের নয় গোল হজম

বাংলাদেশের যুব হকি দল চীনের ন্যানজিংয়ে শুরু হওয়া যুব অলিম্পিকের হকিতে স্পেনের কাছে ৯-১ গোলের ব্যবধানে হেরেছে। স্পেনের গোলগুলোর জবাবে ৩৫ মিনিটে বাংলাদেশের সান্ত্বনার গোলটি করেন মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি। গতকাল রবিবার নানজিং ওয়াইওজি স্পোর্টস পার্ক হকি মাঠে ফাইভ-এ সাইড ভিত্তিক খেলাটিতে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় স্পানিশ যুবারা। তাদের আক্রমণ প্রতিহত করতেই ব্যতিব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। ১৫ মিনিট করে অনুষ্ঠিত তিন পর্বের এ খেলার প্রথমভাগেই পাঁচ গোল দেয় স্পেন। দ্বিতীয় ভাগে দেয় তিন গোল। তৃতীয় ও শেষ ভাগে উভয় দল একটি করে গোল পায়। রেজাউল করিম বাবুর নেতৃত্বাধীন দলটি আজ অস্ট্রেলিয়া যুবাদের মোকাবেলা করবে।