হংকংয়ে বাংলাদেশি পাচার বেড়েছে

চীনের শেনঝেনকে ব্যবহার করে বিপুলসংখ্যক বাংলাদেশি ও পাকিস্তানিকে হংকংয়ে পাচার করা হচ্ছে। বিগত কয়েক বছরে শেনঝেন থেকে নৌকায় করে এসব বাংলাদেশি ঢুকেছে বলে সম্প্রতি হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের প্রথমে নিয়ে যাওয়া হয় চীনের বিভিন্ন শহরে। এরপর সেখান থেকে শেনঝেন নেয়া হয়। যেখানে তারা দালালদের জনপ্রতি ১০ হাজার থেকে ১২ হাজার হংকং ডলার দেয় হংকংয়ে প্রবেশের জন্য। হংকংয়ে ধরা পড়া অবৈধ অভিবাসীদের মধ্যে দেখা যায়, প্রতি বছর শতকরা ৫০ ভাগ এমন অভিবাসী ধরা পড়ে যারা চীনা নন। পুলিশের এক হিসাবে বলা হয়েছে, গত বছরের প্রথম ৬ মাসে এমন অভিবাসীর সংখ্যা ছিল ২৯১। কিন্তু এ বছরে সেই একই সময়ে ধরা পড়েছে ৪৪৭ অভিবাসী। হংকং পুলিশের জনসংযোগ দপ্তর থেকে জানায়, চলতি বছরের প্রথম ৬ মাসে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে। উল্লেখ্য, হংকংয়ে বাংলাদেশি নাগরিকদের ভিসামুক্ত সুবিধা ২০০৬ সালে প্রত্যাহার করে নেয়।