বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস আজ
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৪তম প্রতিষ্ঠা দিবস আজ। ১৯৬১ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহত্ এই বিদ্যাপীঠ। যুগোপযোগী ও আধুনিক মানের শিক্ষা পদ্ধতি এবং উচ্চতর ও লাগসই কৃষি-প্রযুক্তি গবেষণার কারণে বিশ্ববিদ্যালয়টি এখন পরিণত হয়েছে ‘দি সেন্টার অব এক্সিলেন্স’ এ। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ৪৩টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে। সকাল ১১টায় বাকৃবি রিসার্চ সিস্টেমের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘কৃষি উন্নয়নে বাকৃবির অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ, প্রদর্শনী, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।