বাকৃবিতে সায়াদ হত্যায় ১৪ জনকে আসামি করে চার্জশিট
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজ হত্যা মামলায় ১৪ জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে চার্জশিট গ্রহণের বিষয়ে মামলার শুনানির জন্য কোন দিন ধার্য করা হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।
ময়মনসিংহ আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আমবার হোসেন আদালতে সায়াদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, তদন্ত ও সাক্ষ্য প্রমাণে সায়াদ হত্যার সাথে ১৪ জনই প্রত্যক্ষভাবে জড়িত। এদিকে অভিযুক্ত ১৪ আসামির মধ্যে পুলিশ মাত্র ৩ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মামলার প্রধান ২ আসামি সুজয় কুমার কুন্ডু ও রুকনুজ্জামান রোকন হাইকোর্টের নির্দেশে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্ত ১৪ জনকেই গ্রেফতার এবং দ্রুত বিচার আদালতে মামলার কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে সায়াদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
আসামিরা হলেন-সুজয় কুমার কুন্ডু, রুকনুজ্জামান রোকন, রেজাউল করিম ওরফে রেজা, নাজমুস শাহাদাত রাসেল, ফয়সাল ইসলাম জয়, হাসান মাহমুদ রিয়াদ, অন্তর চৌধুরী, রুকন, মিজানুর রহমান, দেওয়ান মুহাম্মদ মুনতাকা মুফরাত, সাদিকুর রহমান খান স্বপন, প্রশান্ত দে, মনোয়ারুল ইসলাম নয়ন এবং সুমন পারভেজ শিপন। অভিযুক্ত আসামিরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতাকর্মী।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ক্লাস-পরীক্ষা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে মত্স্যবিজ্ঞান অনুষদের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী ও আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়াদ ইবনে মমতাজকে পিটিয়ে হত্যা করে তার ২ সহপাঠী ও সংগঠনের অন্যান্য বন্ধুরা।