মন্ত্রীর ঘোষণার ২৩ বছরেও কর্ণফুলীতে নির্মিত হয়নি সেতু

তত্কালীন যোগাযোগ মন্ত্রী অলি আহমদ লিচুবাগানে অবস্থিত কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দিলেও দীর্ঘ ২৩ বছরেও এখানে হয়নি সেতু। রাজস্থলী উপজেলার সাথে রাঙ্গামাটি জেলা সদরে যাতায়াতের এটি একমাত্র সড়ক মাধ্যম। প্রতিদিন শত শত যানবাহন এই পথ দিয়ে যাতায়াত করলেও সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। অনেক সময় ঘটে দুর্ঘটনা। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৯১ সালে চার দলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী অলি আহমদ লিচুবাগানে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দেন। ঐ ঘোষণা শুনে হাজার হাজার মানুষ আশায় বুক বেঁধেছিল। ঘোষণার ২২ বছর পেরিয়ে গেছে; কিন্তু সেতু নির্মিত হয়নি। স্থানীয় রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান অংশি মারমা জানান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান- এই তিন পার্বত্য জেলার সাথে কক্সবাজারে সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কর্ণফুলীর উপর দিয়ে যাতায়াত করে মানুষ; কিন্তু কর্ণফুলী নদীর উপর সেতু না থাকায় এই পথে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এই স্থানে ফেরির বদলে সেতু হলে স্থানীয় উন্নয়নে আরো সমৃদ্ধি আসবে।