চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২৩:০১
শ্রীকৃঞ্চের আবির্ভাব জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গতকাল রবিবার সনাতন ধর্মাবলম্বীরা নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। আন্দরকিল্লা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেএম সেন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উপলক্ষে পুলিশ নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে এবং চিরদিন থাকবে।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রামের সভাপতি দীলিপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ। এ উপলক্ষে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে চার দিনব্যাপী শ্রীমদ্ভবত গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, ঋষি ও বৈষ্ণব সম্মেলন, শ্রী কৃষ্ণের লীলাকীর্ত্তনের আয়োজন করা হয়েছে।
রাজশাহীতে জন্মাষ্টমী পালন
রাজশাহী অফিস জানান, রাজশাহীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রায় ভক্তদের ঢল নামে। বেলা সাড়ে ১১টায় মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগরীর সাহেব বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণের আগে সাহেব বাজার হনুমান জিউর আখড়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি বিমল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আলোক কুমার দাস প্রমুখ। জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনাসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে।