আওয়ামী লীগ নেতারাই মুজিব হত্যার নেপথ্যে ছিলেন :ফখরুল
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২৩:১২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, জিয়াউর রহমান নয়, তত্কালীন আওয়ামী লীগ নেতারাই শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে ছিলেন। এ হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগই জড়িত।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার রুমে গতকাল এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী এল কে সিদ্দিকীর স্মরণে এক শোক সভায় তিনি এসব কথা বলেন। এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আকতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হাছিন আহমেদ, মরহুম এল কে সিদ্দিকীর বড় মেয়ে ইফতেখাম সিদ্দিকী, এ্যাব নেতা রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, সরকার পূর্বে অর্জিত সব অর্জনকে ধূলিসাত্ করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আগে কখনো একনায়কতন্ত্র মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না। তাই কোনো অজুহাত দিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনকে দমানো যাবে না। এল কে সিদ্দিকীর স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তার মত একজন সত্ ও দায়িত্বশীল ব্যক্তির চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সততা থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ জাতীয় জীবনে নানা সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। তিনি চলে গেলেও তার দেখানো পথ ধ্রুব তারার মতো রাজনীতিবিদদের আলোর পথ দেখাবে।