পাকিস্তানে নওয়াজের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২৩:১৩
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল রবাির দ্বিতীয় দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে সমবেত হয়েছে। এদিকে জনপ্রিয় ধর্মীয় নেতা তাহির-উল কাদরি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেছেন। লাহোর থেকে তাহির-উল কাদরি ও ইমরান খানের নেতৃত্বে আসা বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে ইসলামাবাদে একত্রে মিশে যায়। ইমরান এর আগেই নওয়াজ শরিফের পদত্যাগ দাবি করেন। তিনি নির্বাচনে ‘কারচুপির’ জন্য সরকারের কড়া সমালোচনা করেন।
ইমরান খান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় সরকারের কাছে তার দলের দাবিসমূহ তুলে ধরবেন। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর মুখপাত্র শিরিন মাজারি একথা জানান। ইমরান খান এর আগে বলেন, ‘আমাদের দাবি পূরণ না করে আমরা ফিরে যাবো না।’ তিনি নির্বাচনে কারচুপির জন্য অভিযুক্ত সকল কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহ আইনের বিচারের দাবি জানান। ইমরান খান বলেছেন, শিগগিরই পদত্যাগ না করলে নিরাপত্তা অধ্যুষিত এলাকায় প্রবেশ করবে তার সমর্থকরা। তবে নওয়াজ শরীফ তার দলের নেতা-কর্মীদের শান্ত থাকা এবং এই হুমকিতে ভীত না হওয়ার আহবান জানিয়েছেন। খবর ডন ও এনডিটিভি’র।
ইমরান খান সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, তার দাবি মানা না হলে তিনি বিক্ষোভের সুনামি বইয়ে দেবেন এবং প্রয়োজনে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করবেন। তিনি বলেন, এধরনের ঘটনা ঘটলে আমার ওপর দোষ চাপানো যাবে না। আমি হয়তো আমার সমর্থকদের রবিবার রাত পর্যন্ত শান্ত রাখতে পারবো। দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশীদ এসব দাবির সমালোচনা করে বলেন, বিক্ষোভাকারীরা কেবল সরকারকেই আল্টিমেটাম দিচ্ছেন না। তারা গণতন্ত্রকে আল্টিমেটাম দিচ্ছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ সোমবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে তার দলের একজন সিনিয়র নেতা জানিয়েছে।