পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে। নিহত হাসানের ভগ্নিপতি আলমগীর জানান, হাসান পেশায় লেগুনা চালক। ভোরে লেগুনায় বাসায় ফিরছিল। এ সময় বাসার অদূরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। মারাত্মক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকালে সে মারা যায়। হাসানের গ্রামের বাড়ি ঝালকাঠি। পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান জানান, হত্যার ধরন দেখে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরাই তাকে হত্যা করেছে। তবে তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।