উইন্ডোজ ৯-এর প্রিভিউ আসছে আগামী মাসেই

উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১-এর পর এবারে উইন্ডোজ ৯ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। আসছে ২০১৫ সালের শুরুর দিকেই একে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। তবে নতুন খবর হলো, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকেই এর প্রিভিউ কপি রিলিজ করবে এই টেক জায়ান্ট। সেপ্টেম্বরে কোনো কারণে না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহেই হাজির হবে এই প্রিভিউ কপি। উইন্ডোজ ৮ এবং ৮.১-এর বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে নন-টাচ ডিভাইসের জন্য আরও ব্যবহারবান্ধব একটি উইন্ডোজ সংস্করণ তৈরির লক্ষ্যে মূলত ডেভেলপারদের জন্যই একে রিলিজ করা হবে এই সময়ে। তাদের কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষার পরেই চূড়ান্ত সংস্করণ বাজারে আসবে ২০১৫ সালের শুরুতে। উইন্ডোজ ৯ বা নতুন সংস্করণের উইন্ডোজের নাম দেওয়া হয়েছে ‘থ্রেশহোল্ড’। উইন্ডোজ ৮ বা ৮.১-এর বাইরে আরও বেশকিছু নতুন ফিচার এতে যুক্ত করা হবে বলে জানা গেছে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট থেকে। নতুন এসব ফিচারের মধ্যে থাকছে নতুন ডিজাইনের মিনি স্টার্ট মেন্যু, ডেস্কটপে চালানোর উপযোগী মেট্রো-স্টাইলের অ্যাপ্লিকেশন, ভার্চুয়াল ডেস্কটপ প্রভৃতি। উইন্ডোজের বর্তমান সংস্করণের চার্ম মেন্যুকে বাদ দেওয়া হবে নতুন উইন্ডোজে। আর মোবাইল ডিভাইসের জন্য তৈরি মাইক্রোসফটের আলোচিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কর্টানাও যুক্ত হতে যাচ্ছে উইন্ডোজ ৯ বা থ্রেশহোল্ডে। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেট এবং জেডডিনেট জানিয়েছে, উইন্ডোজ ৯ বা থ্রেশহোল্ডের প্রিভিউ কপি আগ্রহী সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে উইন্ডোজ ৮-এর চূড়ান্ত সংস্করণ বাজারে ছাড়ার আগেও মাইক্রোসফট প্রিভিউ কপি উন্মুক্ত করে দিয়েছিল। সেসময় ডেভেলপারদের জন্য একটি প্রিভিউ সংস্করণ ছাড়ার কয়েক মাস পরে গ্রাহকদের জন্যও একটি প্রিভিউ কপি ছেড়েছিল মাইক্রোসফট। এবারেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো।