সিরিয়ায় আইএস আইএস দমনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বিরোধী জোট
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:০৯
ইরাকে আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) জঙ্গিদের দমন করতে মার্কিন বাহিনী এগিয়ে এসেছে। তা হলে সিরিয়া নিয়ে তারা চুপ কেন? প্রশ্ন তুলেছে সিরিয়ার জাতীয় বিরোধী জোট। —খবর আনন্দবাজার পত্রিকার।
সিরিয়ায় আইএসআইএস-এর হামলায় গত দু’দিনে সাতশোরও বেশি মানুষ নিহত হয়েছেন। তার পরই মার্কিন সেনাকে তত্পর হওয়ার আর্জি জানিয়েছে সে দেশের বিরোধী জোট। যদিও আল জাজিরার দাবি, এই আবেদন স্বতঃপ্রণোদিত নয়। বরং মার্কিন প্রতিরক্ষা দফতরই তাদের দিয়ে এইসব বলাচ্ছে। ভবিষ্যতে সিরিয়া আক্রমণের জন্য তারা এইভাবে আন্তর্জাতিক সমর্থন জোটাতে চাইছে কি না, সে প্রশ্নও উঠছে। বিরোধী জোটের আবেদন বলছে, “সিরিয়ার সেনাকে স্বাধীনতা ফিরিয়ে দিতে মার্কিন সেনা বা অন্য কোনও দেশ আমাদের সাহায্য করুক।”
এর আগে গতকালও পড়শি দেশে মার্কিন বিমান হামলার প্রসঙ্গ টেনে বিরোধী জোটের নেতা হাদি আল-বাহরা বলেছিলেন, “জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ, কুর্দিস্তানের লড়াইয়ের সঙ্গে সিরিয়া নিয়েও ভাবনা-চিন্তা হোক।”