হাওরে নৌকাডুবি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৫
হাওরে এখন ভরা বর্ষা। চারিদিকে পানি আর পানি। চলাচলে নৌকাই একমাত্র বাহন। হাওরের বিভিন্ন প্রবেশ দ্বার দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। বিভিন্ন নৌপথে (লাইন) ইঞ্জিনচালিত গয়না নৌকা যা স্থানীয়ভাবে ট্রলার হিসাবে পরিচিত, যাত্রী পরিবহন করে। নিয়মিত চলাচলকারী এসব ট্রলার স্থানীয়ভাবে তৈরি— উপযুক্ত নকশা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই। হাওরে চলাচলকারী এসব ট্রলারে ফিটনেস সার্টিফিকেট, লাইফ জেকেট নেই। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, নৌঘাটগুলোতে নেই কোনো রকম তদারকির ব্যবস্থা। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনই মূলত অধিকাংশ নৌদুর্ঘটনার কারণ। বাধা বা নিয়ন্ত্রণের জন্য কেউ হাওরের এসব ঘাটে থাকে না। হাওরের ঝড়-বৃষ্টিকে তারা কেউ পারোয়া করে না। ফলে প্রায়ই ঘটে নৌডুবি। প্রাণহানি ঘটে জীবনের, ক্ষতি হয় সম্পদের। হাওরে নৌদুর্ঘটনা হলে উদ্ধারে কোনো জলযান নেই, নেই আহতদের প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা। এ বিষয়গুলো কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ও পর্যাপ্ত ব্যবস্থা নেবেন— এ আশা করি।
ড. নিয়াজ পাশা,
ইটনা, কিশোরগঞ্জ