হঠাত্ ঋত্বিকের প্রশংসায় শহীদ কাপুর
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৬
আসছে ২ অক্টোবর ‘হায়দার’ নিয়ে আবারও পর্দায় আসছেন শহীদ কাপুর। ভিন্নধারার গল্প নিয়ে নির্মিত ‘হায়দার’ ছবিটি লড়বে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশানের ‘ব্যাঙ ব্যাঙ’ ছবিটির সাথে। দুটি ছবিরই সবচেয়ে বড় শক্তি ছবি দুটির গল্প।
দুটি ছবি নিয়েই দারুণ উচ্ছ্বাসিত শহীদ কাপুর। তিনি বলেন, ‘আমি ‘ব্যাঙ ব্যাঙ’-এর প্রমো দেখেছি। এটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি অবশ্যই ছবিটি দেখব। আমি ঋত্বিককে শুভ কামনা জানাচ্ছি। যদিও ছবি দুটি একই সাথে মুক্তি পাবে কিন্তু আমি মনে করি না যে ছবি দুটির সাফল্যের পথে তা কোনো বাধা সৃষ্টি করবে।’
ব্যতিক্রম গল্পের ছবি দুটি সম্পর্কে শহীদ আরও বলেন, ‘যদি ‘হায়দার’ কালো হয় তবে ‘ব্যাঙ ব্যাঙ’ হচ্ছে সাদা। আমি আমাদের ছবি নিয়ে আশাবাদী। আর আমাদের ছবির বাজেট খুব বেশি না হওয়ায় আসলে আমাদের হারানোরও কিছু নেই। আমি মনে করি দুটি ছবি থেকেই দর্শক ভিন্ন স্বাদ পাবে।’
তিনি আরও বলেন, ‘আপনি চিন্তার বাইরে যদি কিছু দেখতে চান তবে আপনাকে ‘হায়দার’ দেখতে হবে। অন্যদিকে খাঁটি বিনোদনের জন্য দেখতে হবে ‘ব্যাঙ ব্যাঙ’। দুটি ছবির ধরনই আলাদা। এখানে চিন্তার কিছু নেই।’
বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ ছবিটি শেক্সপিয়রের বিখ্যাত উপন্যাস ‘হ্যামলেটে’র দেশি ভার্সন। অন্যদিকে সিদ্ধার্থ রাজ আনন্দের পরিচালনায় ‘ব্যাঙ ব্যাঙ’ ছবিটি হলিউডের ‘নাইট অ্যান্ড ডে’ অবলম্বনে নির্মিত।