বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে চালু হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের উদ্যোগে অটোলজিস ও এসোজেনিক চিকিত্সা পদ্ধতি সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে বাংলাদেশ সোসাইটি অফ হেমাটোলজির উদ্যোগে ‘বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, দেশে ব্লাড ক্যান্সারসহ রক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে আড়াই কোটি মানুষ বিভিন্ন রক্তরোগে ভুগছেন। আধুনিক চিকিত্সা বিজ্ঞানের ক্ষেত্রে ব্লাড ক্যান্সারসহ বিভিন্ন রক্তরোগের চিকিত্সার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন একটি যুগান্তকারী সংযোজন। দেশে এখনও স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন চিকিত্সা পদ্ধতি চালু নেই। এ চিকিত্সাটি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পক্ষেই বিদেশে গিয়ে চিকিত্সা করা সম্ভব হয় না। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম মুস্তফা আবেদীন। সভাপতিত্ব করেন ডা. মো. আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. সিরাজুল ইসলাম। সেমিনার পরিচালনা করেন ডা. মো. রফিকুজ্জামান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটি অফ হেমাটোলজির সেক্রেটারি জেনারেল ডা. মো. সালাউদ্দিন শাহ। ভারচুয়াল পদ্ধতিতে অনলাইন-স্কাইপে আরো বক্তব্য রাখেন ভারতের আরটেমিস হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. রাহুল ভারগাভা। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ আরো বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইন্সটিটিউটে এ সেবাটি চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।