শুধু উন্নয়নের কথা নয়, কাজ করতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, শুধু উন্নয়নের কথা বললেই হবে না এর জন্য কাজ করতে হবে। প্রয়োজনে দরজা বন্ধ করে উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। অনেকেই ২০১৮ সালের মধ্যে মধ্য আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশীল বাংলাদেশ, ভিশন ২০২১’এর কথা বলেন। কিন্তু বাস্তবে কোন কাজ করি না। শুধু কথা নয়, কাজ করতে হবে। দেশের উন্নয়নের ফলে বিভিন্ন সংস্থা ও দেশ থেকে অনেক প্রতিবেদন এসেছে। শুধু ভালো অবস্থান ও প্রতিবেদনের জন্য কাজ না করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনের ১৩তম উন্মুক্ত সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটের সভাপতি ইঞ্জিনিয়ার একেএমএ হামিদের সভাপতিতে অনুষ্ঠানে আলোচক ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক বাবর আলী, আইএলও এর সিনিয়র টেকনিক্যাল বিশেষজ্ঞ ড. ফ্রান্সিস ডি সিলভা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো: আব্দুর রফিক।