ভদ্রা নদীর খালে বন্দুক যুদ্ধে নাছির বাহিনীর প্রধান নিহত

সুন্দরবনের মংলার পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু নাসির বাহিনীর প্রধান নাসির নিহত হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫টি রামদা ও গুলি। সোমবার র্যাবের সাথে বনদস্যুদের ঘণ্টাব্যাপী এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া বনদস্যুদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল ফরিদুল আলম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার র্যাব সদস্যরা বনের হাড়বাড়িয়া সংলগ্ন ভদ্রা নদীর খালে পৌঁছালে বনের মধ্যে লোকজনের আনাগোনা টের পায়। তখন র্যাব সদস্যরা বনের ভিতর প্রবেশ করলে বনদস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে চলে বন্দুক যুদ্ধ। বন্দুক যুদ্ধ শেষে ওই এলাকায় র্যাব সদস্যরা তল্লাশি চালালে বনের মধ্যে একটি গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে মৃতদেহটি জেলেরা দেখে বনদস্যু নাছির বাহিনী নাছিরের বলে শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে ৩টি পয়েন্ট টুটুবোর, ২টি একনালা বন্দুক, ১টি একনালা বন্দুক, ৫টি রামদা, ১৩৩ রাউন্ড তাজাগুলি ও ১৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে র্যাব।